
সরকারের নানা
উদ্যোগের ফলে চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে ১০৫ কোটি ৯৯ লাখ (১.০৫ বিলিয়ন) মার্কিন
ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার
কোটি টাকা।
আজ রোববার কেন্দ্রীয়
ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলমান ধারা অব্যাহত
থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৭৬ কোটি ডলার ছাড়াবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
তারা বলছেন, বৈধপথে রেমিট্যান্স আনতে বিভিন্ন শর্ত শিথিল, চার্জ ফি মওকুফসহ বেশ কিছু
উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক।
নভেম্বরের প্রথম
১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে
১৮ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি
৩৯ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ মার্কিন ডলার, আর বিশেষায়িত
একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৩৯ লাখ মার্কিন ডলার।
চলতি মাসের প্রথম
১৮ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে
২৭ কোটি ২২ লাখ ডলার এসেছে। এরপর অগ্রণী ব্যাংকে এসেছে ৭ কোটি ৩৬ লাখ, ডাচ্–বাংলা ব্যাংকে
এসেছে ৬ কোটি ৬৪ লাখ, সোনালী ব্যাংকে এসেছে ৬ কোটি ৪২ লাখ এবং আল আরাফা ইসলামী ব্যাংকে
এসেছে ৫ কোটি ডলার প্রবাসী আয়। তবে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল
কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

