
ওয়েস্ট ইন্ডিজ
সফরের শুরুতেই চোট সমস্যায় পড়েছে বাংলাদেশ। তিন দিনের প্রস্তুতি ম্যাচে পিঠের চোটে
দল থেকে ছিটকে গেছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। তাঁর জায়গায় সুযোগ মিলেছে এনামুল হক
বিজয়ের।২০১৩ সালে টেস্টে অভিষিক্ত এনামুল বাংলাদেশের হয়ে ৪টি টেস্ট খেলেছেন, যার সর্বশেষটি
২০১৪ সালের সেপ্টেম্বরে। প্রতিপক্ষ? ওয়েস্ট ইন্ডিজ! ৮ বছর পর ক্যারিবিয়ানে ফিরছে ২৯
বছর বয়সী এনামুলের টেস্ট ক্যারিয়ারের পরের অধ্যায়।
আজ যুক্তরাষ্ট্র
থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ
তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, রাব্বির চোটে টেস্ট দলে বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে
বিজয়কে, ‘হ্যাঁ, ওয়েস্ট
ইন্ডিজ সিরিজে রাব্বি চোটে পড়ায় আমরা বিজয়কে টেস্ট দলে রেখেছি। আগামীকাল সে রওনা দেবে।’
২০১৪ সালে সর্বশেষ
টেস্ট খেলেছিলেন বিজয়। সেটিও উইন্ডিজ সফরে। আট বছর পর আরেকটি উইন্ডিজ সফর দিয়েই সাদা
পোশাকে ফেরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বিজয়ের।
৪ টেস্টের ছোট্ট
ক্যারিয়ারে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি বিজয়। ৮ ইনিংসে করেছেন ৭৩ রান; সর্বোচ্চ
২২।

