
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার
দখলের দাবি করেছে তালেবান, যা তাদের জন্য একটি বড় ধরণের বিজয় হতে পারে। শহরটি এক
সময় তালেবানের শক্তিশালী ঘাঁটি ছিল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এটি
কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার দেশটির কয়েকটি শহরের নাটকীয়
পতন ঘটেছে যদিও তালেবান এখনো বিজয় ঘোষণা করেনি। ওদিকে যুক্তরাষ্ট্র বলেছে তারা আফগানিস্তানের
মার্কিন দূতাবাস থেকে আটকেপড়া কর্মীদের উদ্ধারে তিন হাজার সৈন্য পাঠাচ্ছে।
বিশেষ বিমানে করে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীকে
নিয়ে আসতে কাবুল বিমানবন্দরে যাবে তারা। অন্যদিকে ব্রিটিশ নাগরিকদের আফগানিস্তান ছাড়তে
সহায়তা করতে অন্তত ছয়শ সৈন্য পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য।
সামরিক অভিযানের প্রায় বিশ বছর পর যুক্তরাষ্ট্র
ও অন্য বিদেশী সৈন্যদের প্রত্যাহারের সাথে সাথেই নতুন নতুন এলাকা দখল করছে তালেবান।
বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যে হেরাত, গজনিসহ আফগানিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ
শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
একজন তালেবান মুখপাত্র বলেছেন, "কান্দাহারও
সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে"। তবে এটি এখনো নিশ্চিত করা যায়নি। কয়েকটি সূত্র
বিবিসিকে জানিয়েছে যে হেলমান্দ প্রদেশের রাজধানী দক্ষিণাঞ্চলীয় শহর লস্কর গাহ ও জঙ্গিরা
নিয়ন্ত্রণে নিয়েছে যদিও সেটিও অন্য সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।
তালেবান এখন আফগানিস্তানের উত্তরাঞ্চল এবং দেশটির আঞ্চলিক রাজধানীগুলোর এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে। ফলে জঙ্গিরা রাজধানী কাবুলের দিকে দ্রুত অগ্রসর পারে সেখানে উদ্বেগ বাড়ছে।

