
আফগানিস্তানের
রাজধানী কাবুলের উত্তরে একটি সুরঙ্গে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। এতে এখন
পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩২ জন। দেশটির এক স্থানীয় কর্মকর্তা
এই তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে
বলা হয়েছে, কাবুল থেকে প্রায় ৮০ মাইল উত্তরে সালং সুরঙ্গটি মূলত ১৯৬০-এর দশকে সোভিয়েত
আক্রমণে সহায়তা করার জন্য নির্মিত হয়। এটি দেশটির উত্তর ও দক্ষিণে সংযোগকারী মূল পথ।
পারওয়ান প্রদেশের
মুখপাত্র হিমাতুল্লাহ শামিম বলেছেন, গতকাল শনিবার রাতে এই বিস্ফোরণ ঘটে। নিহত ১৯ জনের
মধ্যে নারী ও শিশু রয়েছেন। বেঁচে যাওয়ারা ধবংস্তুপের নিচে আটকা পড়ে আছে। হতাহতের শঙ্কা
আরও বাড়তে পারে বলে জানান তিনি।
ঠিক কীভাবে
এই বিস্ফোরণ ঘটেছে-তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল রাত ৮
টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়েছে। পারওয়ানের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ১৪ জনের
লাশ পেয়েছে বলে জানিয়েছে। এ ছাড়া আহত ২৪ জনের কথা নিশ্চত করেছে।
নিহতদের মধ্যে
পাঁচ নারী ও দুই শিশু রয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে। কিছু ভুক্তভোগী গুরুতর
দগ্ধ হয়েছেন। তাদের চেনা যাচ্ছে না বলে রিপোর্টে বলা হয়েছে।

