
মাসের প্রথম থেকে
তাপমাত্রা বাড়তে বাড়তে জনজীবনে হাঁসফাঁস নেমেছিল ঈদের সময়টায়। বৃষ্টিপাতের প্রবণতা
বাড়ায় বর্তমানে সেই তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। আগামী দু’দিনে আরও কমবে।
আবহাওয়া অফিস
রোববার রাতে জানিয়েছে, চট্টগ্রাম, সিলেটে অতিভারী বর্ষণ হয়েছে। এছাড়াও বেশকিছু
স্থানে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। আগামী দু’দিনে আরও বাড়বে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরণের সক্রিয়।
এই অবস্থায় সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার সিলেটে ১৭৮ মিলিমিটার ও রাঙ্গামাটিতে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা তিনদিন ধরে ধীরে ধীরে নিচের দিকে নামছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

