Logo
শিরোনাম

আগুয়েরোকে মেসির আবেগঘন বার্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ থেকেই দুজনের মধ্য বন্ধুত্ব গড়ে ওঠে। ক্যারিয়ারের নানা বাঁকে জায়গা বদলালেও বন্ধুত্ব ছিল অটুট। তবে, ফুটবলে একজনের যাত্রা শেষ হতে চলেছে। শারীরিক অসুস্থতার কারণে ফুটবলকে বিদায় বলে দিয়েছেন সের্হিও আগুয়েরো।

প্রিয় বন্ধুর বিদায়ে মন ভার মেসির। তবুও আবেগঘন বার্তায় বন্ধুর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন পিএসজি তারকা মেসি।

গতকাল বুধবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে আগুয়েরো জানিয়ে দিয়েছেন, আর পেশাদার ফুটবল খেলা হচ্ছে না তাঁর। স্পেনের দৈনিক মার্কার খবরে জানা গেছে, আর্জেন্টিনার বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা আগুয়েরো হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির পর বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলার বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেন।

আগুয়েরোর বিদায় নিয়ে লিওনেল মেসি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রায় পুরো ক্যারিয়ারই একসঙ্গে, কুন (সের্হিও আগুয়েরো)। আমাদের অসাধারণ কিছু মুহূর্ত আছে এবং আরও কিছু মুহূর্ত অতটা দারুণ না হলেও সময়গুলো আমাদের আরও ঘনিষ্ঠ করেছে। আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। মাঠের বাইরেও আমাদের এ সম্পর্ক বজায় থাকবে।

এরপর আর্জেন্টাইন তারকা লিখেছেন কোপা আমেরিকা জয়ের মুহূর্ত নিয়ে, মাত্র কয়েক মাস আগে কোপা আমেরিকা জয়ের আনন্দময় মুহূর্ত, সঙ্গে ইংল্যান্ডে তুমি যা অর্জন করেছো এবং সত্যিটা এই যে, তুমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসো, সেটাই আজ বন্ধ করতে হলো, তা দেখে অনেক কষ্ট লাগছে। আমি নিশ্চিত যে, তুমি সুখী থাকবে। কারণ, তুমি এমন একজন মানুষ যে আনন্দের দীপ্তি ছড়িয়ে দেয় এবং আমরা যারা তোমাকে ভালোবাসি, তোমার পাশেই থাকব। এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং আমি নিশ্চিত যে, তুমি সেটা একই উদ্দীপনার সঙ্গে হাসিমুখে উপভোগ করবে।


আরও খবর