Logo
শিরোনাম

আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে

প্রকাশিত:বুধবার ২৩ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ষড়যন্ত্রই জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বুধবার দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ৭২ বছরের ইতিহাস সংগ্রাম ও সাফল্যের ইতিহাস, গৌরবের ইতিহাস, উন্নয়ন ও অর্জনের ইতিহাস। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। শত ষড়যন্ত্র আওয়ামী লীগকে মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা- আমরা সেই ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন-উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি সেই ধারা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্রই, কোনো শক্তিই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তির মুলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী অনুপ্রবেশকারীদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনুপ্রবেশকারী যেটা ছিল এখন তা অনেক বন্ধ হয়েছে। ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব।


আরও খবর