Logo
শিরোনাম

বাধ্যতামূলক অবসর পাঠানো হলো আরেক এসপিকে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশ সুপার মো. আলী হোসেন ফকিরকে। খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা ৩য় এপিবিএন অধিনায়ক মো. আলী হোসেন ফকিরকে (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, আলী হোসেন ফকির বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বাগেরহাট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও তিনি নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন।

এদিকে ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া এবং মো. শহিদুল্লাহ চৌধুরী। এছাড়া ৩১ অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজিকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তারা হলেন- ট্যুরিস্ট পু্লিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম। এছাড়া ১৬ অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসর দেয় সরকার।

এছাড়া ২০২১ সালের ২ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক ও খাগড়াছড়ির মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিমকে অবসরে পাঠানো হয়।


আরও খবর