Logo
শিরোনাম

‘বেশ্যার মেয়ে’ কিংবা ‘কালো অধ্যায়’-এ শবনম পারভীন

প্রকাশিত:রবিবার ১৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শবনম পারভীন, একাধারে একজন অভিনেত্রী, নাট্যকার এবং পরিচালক। তবে দর্শকের কাছে তিনি একজন অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি নাটকে অভিনয় করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

সর্বশেষ কিছুদিন আগে তিনি আমি নায়িকা নামের একটি নাটক নির্মাণ করেছেন। তবে এরই মধ্যে আগামী ঈদের জন্য শবনম পারভীন তার নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ করেছেন বেশ্যার মেয়ে নামের একটি নাটক। নাটকটিতে শবনম পারভীন নিজে অভিনয় করেছেন বেশ্যার চরিত্রে এবং তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী। এ ছাড়া অভিনয় করেছেন স্বাধীন খসরু।

শবনম পারভীন জানান, বাস্তব জীবনের আলোকে তিনি বেশ্যার মেয়ে নাটকের গল্প রচনা করেছেন। যেহেতু তিনি নিজেই নাটকটি রচনা করেছেন, তাই তিনি নিজেই নাটকটি নির্মাণ করেছেন বেশ যত্ন নিয়ে। এদিকে আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য মাতিয়া বানু শুকু রচিত ও পরিচালিত কালো অধ্যায় নামক একটি নাটকে অভিনয় করেছেন শবনম পারভীন। নাটকের গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকে আরও অভিনয় করেছেন সালাহ উদ্দিন লাভলু, মিলন, রুমান রুনি প্রমুখ।

শবনম পারভীন বলেন, বেশ্যার মেয়ে নাটকটির গল্প এবং নির্মাণলৈশলী দর্শকের মনকে নাড়া দিবে বলে আমার বিশ্বাস। আমি নিজে এতে বেশ্যার চরিত্রে অভিনয় করে ভীষণ তৃপ্ত। একজন বেশ্যার মেয়ের চরিত্রে এলিনা শাম্মীও অসাধারণ অভিনয় করেছে। যথারীতি স্বাধীন খসরুও। আমার বিশ্বাস এ নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে। আর মাতিয়া বানু শুকু একজন মেধাবী নাট্যকার এবং পরিচালক। তার পরিচালনায় কালো অধ্যায় নাটকে অভিনয় করে ভীষণ ভালোলেগেছে। এ নাটকটি নিয়েও আমি আশাবাদী।

এদিকে শবনম পারভীন জানান, এরইমধ্যে তিনি বোনের শত্রু ভাই, ব্যাচেলর বাসা, আমি নায়িকা, ধারের টাকা, মোবাইল আসক্তি, কেরামতি মা নাটকের কাজ শেষ করেছেন। নাটকগুলো তিনিই নির্মাণ করেছেন এবং এতে অভিনয়ও করেছেন।

নিউজ ট্যাগ: শবনম পারভীন

আরও খবর