Logo
শিরোনাম

বিধ্বস্ত বলিউডকে আশার আলো দেখাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’

প্রকাশিত:রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশাল বাজেট, দীর্ঘ নয় বছরের নির্মাণ, দেড় হালি তারকাসহ বিশাল আয়োজন। তাই শঙ্কাও ছিলো বেশি। এর মধ্যে আবার বলিউডে চলছে খরার মৌসুম। বড় বড় তারকার সিনেমাও ফ্লপ হচ্ছে। মাথাচাড়া দিয়ে উঠেছে বয়কট গ্যাং। এরপরও দুর্দান্ত সূচনা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই রেকর্ড সৃষ্টি করেছে সিনেমাটি। প্রযোজক করন জোহরের দেওয়া তথ্য মতে, প্রথম দিন বিশ্বব্যাপী ৭৫ কোটি রুপি আয় করেছে বহুল আলোচিত এই সিনেমা।

বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক সুমিত কাদেল জানান, উৎসব কিংবা বিশেষ দিবস ছাড়া মুক্তি পাওয়া কোনও হিন্দি সিনেমা এর আগে প্রথম দিনে এতো বেশি আয় করতে পারেনি। ফলে ব্রহ্মাস্ত্র হলো, বিগেস্ট নন হলিডে ওপেনার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে প্রায় ৩৮ কোটি রুপি। বাকিটা এসেছে বিশ্বের অন্যান্য দেশ থেকে। এই সিনেমা ঘিরে দর্শকের মনে দারুণ আগ্রহ ছিলো। যার সুবাদে মুক্তির কয়েকদিন আগেই রেকর্ড পরিমাণ অগ্রিম টিকিট বিক্রি হয়। মুক্তির পরও দর্শক হুমড়ি খেয়ে পড়ছে প্রেক্ষাগৃহে। ধারণা করা হচ্ছে, বলিউডের চলমান খরা কিছুটা হলেও কাটতে পারে সিনেমাটির মাধ্যমে।

ব্রহ্মাস্ত্র নির্মাণ করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড কিং শাহরুখ খান। বিশ্বব্যাপী ৮ হাজার ৯১৩টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ৪১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি।

 

নিউজ ট্যাগ: ব্রহ্মাস্ত্র

আরও খবর