
মানিলন্ডারিং আইনে রাজধানী বনানী থানার
একটি মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর জামিনের আবেদন নামঞ্জুর করে
কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা
জজ আদালতের কেএম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ
করে জামিনের আবেদন করেন বুলু।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক
প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, গত বছরের ১৩ আগস্ট বনানী থানার মানিলন্ডারিং আইনে
তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। ওই মামলায় তিনি আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ আগস্ট বনানী থানায়
বুলুর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলাটি করেছিলেন সিআইডির পরিদর্শক হারুন উর রশিদ।
এছাড়া তার বিরুদ্ধে ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন
ও ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮
সালের ৭ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

