Logo
শিরোনাম

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত

প্রকাশিত:মঙ্গলবার ২৭ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারের বিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে তাঁর সমাধিস্থলে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই। তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ। তাই একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।

বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজের দলকে চাঙা রাখতে যখন যা খুশি তাই বলে যাচ্ছে। তাদের রাজনীতি হচ্ছে সরকার বিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।

এ সময় শেরেবাংলা এ কে ফজলুল হক প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হকের রাজনীতির মূলমন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন করা। ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেন না। তবে শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাঁদের পথ অনুসরণ করেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন। এ কে ফজলুল হক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন বলেও জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সাহসী নেতৃত্বের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

করোনার এই পরিস্থিতিতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

নিউজ ট্যাগ: ওবায়দুল কাদের

আরও খবর