
সার্বিয়ার বিরুদ্ধে
বৃহস্পতিবার খেলতে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচে হলুদ জার্সিধারিরা ২-০ গোলে জিতলেও
চোট পেলেন নেইমার। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। এমন অবস্থায় বাকি বিশ্বকাপে নেইমারকে পাওয়া
যাবে কি না সেই আশঙ্কায় রয়েছেন সমর্থকরা। ব্রাজিল কোচ তিতে যদিও আত্মবিশ্বাসী যে, পরের
ম্যাচে খেলতে পারবেন নেইমার।
চোট পেয়ে ৮০ মিনিটের
মাথায় মাঠ ছাড়েন নেইমার। বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। সার্বিয়ার নিকোলা
মিলেনকোভিচ ট্যাকেল করেন নেইমারকে। গোড়ালিতে চোট পান নেইমার। পা ধরে যন্ত্রণায় কাতরাতে
দেখা যায় । বেঞ্চে বসে মুখ ঢেকে কাঁদতেও দেখা যায় নেইমারকে। কোচ তিতে বলেন, নেইমার
পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপে খেলতে দেখা যাবে ওকে। নেইমার
যে চোট পেয়েছেন তা প্রথমে বুঝতেই পারেননি তিতে। তিনি বলেন, আমি বুঝতে পারিনি যে নেইমারের
চোট লেগেছে। ওর ক্ষমতা আছে এই চোট সারিয়ে ফেরার।
ব্রাজিল দলের
চিকিৎসক রড্রিগো লাসমার বলেন, ডান গোড়ালিতে চোট রয়েছে নেইমারের। সার্বিয়ার ফুটবলারের
হাঁটুতে লেগে চোট পেয়েছে ও। বেঞ্চেই চিকিৎসা করা হয়েছে। ফিজিয়োর সঙ্গে রয়েছে ও। ২৪
থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে নেইমারের চোট কতটা সেটা বোঝার জন্য। এমআরআই করা হয়নি। শুক্রবার
আরও এক বার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কোনও কিছু বলা সম্ভব নয়। বিশ্বকাপে গ্রুপ
জি-তে রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার সার্বিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে তারা।

