
বিয়ে ও তালাক
নিবন্ধনের ফি বাড়িয়েছে সরকার। ‘মুসলিম বিবাহ
ও তালাক নিবন্ধন (বিধিমালা), ২০০৯’ সংশোধন করে এ ফি বাড়িয়ে দ্বিগুণ করল সরকার।
গত ২১ ডিসেম্বর
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ‘মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস (রেজিস্ট্রেশন)
অ্যাক্ট, ১৯৭৪’- এ দেয়া ক্ষমতা বলে তারা এ বিধিমালা সংশোধন করে।
সংশোধিত বিধিমালা
অনুযায়ী, এখন একজন নিকাহ রেজিস্ট্রার ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি
এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায়
করতে পারবেন। আগে ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর
বা এর অংশ বিশেষের জন্য ১২ টাকা ৫০ পয়সা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন
কাজী।
বিধিমালা অনুযায়ী,
দেনমোহরের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি এক লাখ টাকা দেনমোহর বা এর অংশ
বিশেষের জন্য ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। তবে দেনমোহরের পরিমাণ যা
হোক না কেন, ফি ২০০ টাকার কম হবে না।
এদিকে, তালাক
নিবন্ধনের ফিও বাড়ানো হয়েছে। একজন নিকাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা
ফি নিতে পারতেন। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন তা বেড়ে হলো এক হাজার টাকা।

