Logo
শিরোনাম

বলিউডে ভাগ্য নেই, অথচ ওটিটি কাঁপাচ্ছেন যে সাত তারকা

প্রকাশিত:সোমবার ০৩ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত দুই বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা শুধু বাড়ছেই। বিশেষ করে করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মে অভ্যস্ত হয়েছে মানুষ। এই প্ল্যাটফর্মগুলোর কারণে সুযোগ পাচ্ছে পুরনো দক্ষ অভিনেতাদের পাশাপাশি অনেক নতুন মেধাবী মুখ।

বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে ছাড়া যেন ওটিটির কোনো সিরিজ বা সিনেমার কথা চিন্তাই করতে পারেন না দর্শকরা। নওয়াজুদ্দিন, পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ীর মতো গুণী অভিনেতারা বলিউডে তাদের কাজের প্রকৃত মূল্য না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। তেমনই সাত তারকা সম্পর্কে জেনে নিন যাদের বলিউড ভাগ্য সুপ্রসন্ন না হলেও ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করছেন তারা।

পঙ্কজ ত্রিপাঠি: বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেও সাড়া ফেলতে পারেননি পঙ্কজ ত্রিপাঠি। কিন্তু মির্জাপুর এবং সেক্রেড গেমস প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। তার অসাধারণ অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করে দর্শকদের।

রাধিকা আপ্তে: ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করার আগে বেশ কিছু মারাঠি, হিন্দি ও ইংরেজি ছবিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। কিন্তু এখন তাকে ওটিটি কুইন বলা হয়। লাস্ট স্টোরিজ, সেক্রেড গেমস, রাত আকেলি হ্যায় সহ অনেকগুলো কাজে রাধিকা প্রমাণ করেছেন, তিনি অপ্রতিদ্বন্দ্বী।

নওয়াজুদ্দিন সিদ্দিকী: সেক্রেড গেমস নওয়াজুদ্দিনের ক্যারিয়ার পুরোপুরি বদলে দিয়েছে। মুম্বাই ডন গণেশ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের বাইরেও পরিচিতি পেয়েছেন তিনি। সেক্রেড গেমস-এর পর রাত আকেলি হ্যায় এবং সিরিয়াস ম্যানর মতো আরও কিছু কাজ দর্শক মহলে প্রশংসা পেয়েছে।

সোভিতা ধুলিপালা: বহুবার প্রত্যাখ্যাত হয়ে ছোট ছোট চরিত্রে অভিনয়ের পর সোভিতা এখন নিজের যায়গা গড়ে নিয়েছেন। জোয়া আখতারের মেড ইন হ্যাভেন-এর পর রাতারাতি সোভিতাকে নিয়ে মাতামাতি শুরু হয়। প্রথম সিজন তুমুল জনপ্রিয়তা পায়। দর্শক অপেক্ষা করছেন দ্বিতীয় সিজনের।

জয়দীপ আহলাওয়াত: বেশ কিছু চরিত্রে অভিনয় করেও তেমন সাড়া পাচ্ছিলেন না জয়দীপ। আনুশকা শর্মার প্রযোজনা প্রতিষ্ঠানের পাতাল লোক এর পরে তার ভাগ্য বদলে যায়। এই ওয়েবসিরিজের পরে তিনি নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন আজিব দাস্তানস-এ।

মনোজ বাজপেয়ী: ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে মেধাবী তারকাদের একজন মনোজ। বলিউডের এই দক্ষ অভিনেতা রাজত্ব করছেন ওটিটি প্ল্যাটফর্মে। দ্য ফ্যামিলি ম্যান-এ তার চরিত্র মুগ্ধ করেছে দর্শকদের। দর্শক অপেক্ষায় আছেন দ্বিতীয় সিজনের।

দিব্যেন্দু শর্মা: পেয়ার কা পঞ্চনামা ছবির মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান দিব্যেন্দু শর্মা। এরপর টয়লেট এক প্রেম কথা ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তবে এগুলোর কোনটির সাথেই মির্জাপুর এর মুন্না ভাইয়া চরিত্রের তুলনা চলে না। এই চরিত্র দিব্যেন্দু শর্মাকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে।


আরও খবর