Logo
শিরোনাম

বোনকে ‘উত্ত্যক্তের প্রতিবাদে হামলা’, চিকিৎসাধীন ভাইয়ের মৃত্যু

প্রকাশিত:শনিবার ১১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলায় আহত ভাইয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার ভোর সোয়া ৪টার দিকে আলম মিয়ার মৃত্যু হয়।

২১ বছর বয়সী নিহত আলমের বাড়ি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগতচর গ্রামে। তিনি কটিয়াদী ডিগ্রি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আলমের দুলাভাই সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মা, বাবা আর নবম শ্রেণিতে পড়ুয়া ছোট বোনকে নিয়ে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন আলম। লক্ষ্মীপুর গ্রাম দিয়ে ফেরার সময় লক্ষ্মীপুর পূর্বপাড়ার রকি ও শাওন তার বোনকে উত্ত্যক্ত করেন। 

আলম এর প্রতিবাদ করলে রকি, শাওনসহ আরও কয়েকজন তার মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় আলমকে প্রথমে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ওই যুবকের মৃত্যুর পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


আরও খবর