
মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত শাওন বুলেটে নয়, মাথায় আঘাতের কারণে মারা গেছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ময়নাতদন্ত রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার।
এর আগে শাওনের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, নিজেদের ছোড়া ইটের আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওন। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় অগ্রভাগ থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন নিহত যুবদল নেতা শাওন।
ভিডিওতে আরও দেখা যায়, শাওনের সঙ্গে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করছে। একপর্যায়ে শাওন ইট নিক্ষেপ করতে করতে সামনের দিকে চলে গেলে হঠাৎ পেছন থেকে ছোড়া ইট তার মাথায় পড়ে। এতে শাওন মাটিতে লুটিয়ে পড়েন।
তবে বিএনপি ও পরিবারের দাবি, পুলিশের ছোড়া গুলি মাথায় লাগে শাওনের। পরে আহত অবস্থায় তাকে আনা হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা যান তিনি।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিএনপি-পুলিশ সংঘর্ষে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে মুন্সীগঞ্জের মুক্তারপুরে। মামলার পর গ্রামছাড়া অনেকে। গ্রেফতার করা হয়েছে ২৪ জনকে।

