
ভারতের পুনেতে
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২৯ রানে হারিয়েছে রাজস্থান
রয়্যালস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজস্থান। অন্যদিকে বিপাকে পড়েছে কোহলি-ডু
প্লেসিসরা। তাদের প্লেঅফে খেলার স্বপ্ন কঠিন হয়ে গেলো।
এদিন রাজস্থান
আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। আর সেটা সম্ভব হয় রিয়ান পরাগের ব্যাটে
ভর করে। তরুণ এই ব্যাটসম্যান ৩১ বলে ৩টি চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। ১ চার
ও ৩ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সঞ্জু স্যামসন। রবীচন্দ্রন অশ্বিন ১৭ ও ড্যারিল
মিচেল করেন ১৬ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। বল হাতে বেঙ্গালুরুর
মোহাম্মদ সিরাজ, জস হাজলেউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে
নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু। কোহলি আজ আরও একবার ব্যর্থ হন।
১০ বলে ২ চারে করেন তিনি ৯ রান। ফাফ ডু প্লেসিসও সুবিধা করতে পারেননি। ২৩ রান করে আউট
হন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানও এটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন হাসারাঙ্গা
ও ১৭ করেন শাহবাজ আহমেদ। তাতে ১৯.৩ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু।
বল হাতে রাজস্থানের নায়ক কুলদীপ সেন। তিনি ৩.৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন অশ্বিন। আর ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ম্যাচসেরা হন রিয়ান পরাগ। এই জয়ে ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রাজস্থান রয়্যালস। আর ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরু আছে পঞ্চম স্থানে।

