
সোমবার (২১ মার্চ) চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের একটি বিমান দেশটির
দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৩৩ জন যাত্রী ও ক্রু ছিল।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ও উদ্ধারকারীরা জানিয়েছে, বিধ্বস্ত বিমানের আরোহীদের কারও
বেঁচে থাকার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে
গুয়াংশি এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে
রয়েছে। বিমানে ১২৪ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।
ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন
ধরে যায়। আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে আনা গেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় দুপুর ২টা ২২মিনিটের পর ফ্লাইটরাডার-২৪ বিমান থেকে কোনো তথ্য পায়নি।
বিমানটি ‘সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে’ বলে স্থানীয়
এক গ্রামবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর আশেপাশের
বনে আগুন ধরে যায় বলে জানান ওই গ্রামবাসী। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে
জানা যায়নি।
ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে ধরে
যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

