
চীনের অনুরোধ সত্ত্বেও মডার্না তাদের কোভিড টিকার মূল প্রযুক্তি দেশটির কাছে হস্তান্তর করেনি। এ কারণে টিকার বিক্রির আলোচনা ভেস্তে গিয়েছিল। আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সূত্র ধরে খবরটি প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।
কেমব্রিজ, ম্যাসাচুসেটস-ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি বাণিজ্যিক ও নিরাপত্তার উদ্বেগের কারণে তাদের এমআরএনএ-ভিত্তিক টিকার প্রস্তুত প্রণালি হস্তান্তর করেনি বলে ওই প্রতিবেদনে বলা হয়। চীন কোনো বিদেশী কোভিড টিকার অনুমোদন দেয়নি এখনো। তারা নিজস্ব টিকার মাধ্যমে ভাইরাসটি প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রটি বলছে, ২০২০ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই আলোচনা হয়েছিল। তবে মডার্না এখনো চীনের কাছে টিকা বিক্রি করতে আগ্রহী।গত সেপ্টেম্বরে মডার্নার চিফ মেডিকেল অফিসার পল বার্টন বলেছিলেন, তারা চীনে এমআরএনএ-ভিত্তিক টিকা সরবরাহ করতে আগ্রহী। এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টিকা প্রস্তুতকারকরা।

