
চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে আগামী বুধবার (১২ অক্টোবর) ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে পিএসজি। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারবেন না দ্য পারিসিয়ান তারকা লিওনেল মেসি।
সোমবার (১০ অক্টোবর) ক্লাব সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। যার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস রেকর্ডার।
গত সপ্তাহে পর্তুগালের দল বেনফিকার ঘরে আতিথ্য নেয় পিএসজি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওই ম্যাচে পায়ে চোট পান ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার। ফলে গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে স্তাদে দ্য রেইমসের বিপক্ষে ছিলেন না তিনি।
পার্ক দেস প্রিন্সেসে আসন্ন ম্যাচে ডিফেন্ডার প্রেসনেল কিম্পপেম্বেকে ও নুনো মেন্দেসকে পাচ্ছে না পিএসজি। এছাড়া সেই খেলায় মিডফিল্ডার রেনাতো সানচেজকে পাবে না স্বাগতিকরা।
ইউরোপ সেরা লিগে গ্রুপ এইচে শীর্ষ স্থানে আছে পিএসজি। ফলে এ ম্যাচে হেরে গেলেও খুব একটা সমস্যা হবে না দলটির।

