
রক্ষণশীল সৌদি আরবে পাঁচ দশক পর সিনেমা হলের দরজা খুলেছে। সেখানে এখন নিয়মিত সিনেমা প্রদর্শিত হচ্ছে। শুধু তাই নয়, চলমান ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিজস্ব প্যাভিলয়ন দিয়েছে দেশটি। ভবিষ্যতে বিশ্বমানের চলচ্চিত্র ও বিনোদন জগতের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার প্রত্যয়ে তাদের এই উদ্যোগ। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন সৌদির নির্মাতা ফাতিমা আল-বানাবি। তিনি একজন অভিনেত্রী ও অ্যাকটিভিস্টও। তার নির্মিতব্য সিনেমার নাম বাসমা। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এমনটাই জানিয়েছে।
সিনেমাটিতে সৌদি আরবের সাধারণ মানুষের অসুস্থতাজনিত সমস্যা নিয়ে সাহসী বয়ান তুলে ধরবেন ফাতিমা। এটির কাহিনি লিখেছেন তিনি। অক্টোবরে জেদ্দায় শুরু হবে দৃশ্যধারণের কাজ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফাতিমা আল-বানাবি। তাকে দেখা যাবে ২৬ বছরের এক তরুণীর চরিত্রে, যার বাবা প্যারানয়েড বিভ্রান্তিতে ভুগছে। যুক্তরাষ্ট্র ফেরত ওই তরুণী বাবাকে অসুস্থতা থেকে সারিয়ে তুলতে চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে তাকে একপর্যায়ে দেশ ছাড়তে হয়।
মনোবিদ্যার ওপর ডিগ্রি রয়েছে ফাতিমার। হার্ভার্ড থেকে ধর্মতত্ত্বের ওপর মাস্টার্সও করেছেন। পারিবারিক বিষয় নিয়ে আগ্রহ আছে তার। মানবিক সম্পর্কও তাকে আকৃষ্ট করে। ফাতিমার পরিবারের সদস্যরা হয় ধর্মতত্ত্ববিদ, নয়তো মনোবিদ। এ কারণে নির্মাণাধীন সিনেমার বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। হাসপাতাল ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে পরিবার ও বাড়ির সাপেক্ষে তিনি মানসিক সমস্যাকে তুলে ধরবেন তার সিনেমায়।
২০১৬ সালে মোহাম্মদ সাবাগ পরিচালিত আলোচিত কমেডি বারাকা মিটস বারাকায় প্রথমবার অভিনয় করেন ফাতিমা। সৌদি আরব থেকে অস্কারে পাঠানো ছবিটি তাকে লাইমলাইটে নিয়ে আসে। এ ছাড়া বার্লিন উৎসবেও অংশ নেয় তার ছবি।

