
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিভূতিভূষণ
ভৌমিক (৬০) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায়
অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, বিভূতিভূষণ ভৌমিকের
বাবার নাম হরিভূষণ ভৌমিক। বিভূতিভূষণের হাজতি নম্বর-২১৪৩৮/২১।
পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর
রহমান জানান, হাজতি বিভূতিভূষণ ভৌমিক কারাগারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সন্ধ্যা
সাড়ে ৬টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে
চিকিৎসা দেওয়া হয়। এরপর কারাগারের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে বিভূতিভূষণকে
মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে বিভূতিভূষণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
করা হবে।
চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম জানান, বিভূতিভূষণ নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পাঠিয়েছিলাম। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

