Logo
শিরোনাম

চট্টগ্রামে নালায় তলিয়ে গেলো ১০ বছরের শিশু

প্রকাশিত:বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
বিকেলে আরেক শিশুর সঙ্গে নালায় বোতল কুড়াতে নেমে নিখোঁজ হয় কামাল। পরে তার সঙ্গে থাকা শিশুটি নালা থেকে উঠতে পারলেও তলিয়ে যায় কামাল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার নালায় পড়ে মো. কামাল (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির বাবার নাম কাউসার। তিনি ওই এলাকায় বসবাস করেন।

সোমবার (৬ ডিসেম্বর) ষোলশহরের চাঁন্দগাও সার্কেলের ভূমি অফিসের সামনের খালে শিশুটি নিখোঁজ হয়। তবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি জানাজানি হয়।

এরপর মঙ্গলবার বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত শিশুর সন্ধান মেলেনি। সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এবং তিনটি ইউনিট কাজ করছে। একই সঙ্গে সিটি করপোরেশনের একটি টিম নালা থেকে ময়লা তোলার কাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে আরেক শিশুর সঙ্গে নালায় বোতল কুড়াতে নেমে নিখোঁজ হয় কামাল। পরে তার সঙ্গে থাকা শিশুটি নালা থেকে উঠতে পারলেও তলিয়ে যায় কামাল। তবে এ ঘটনা ফায়ার সার্ভিসকে জানাননি নিখোঁজ শিশুর স্বজনরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, আমরা স্থানীয় এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে খবর পেয়ে বিকেল ৪টা থেকে অভিযান শুরু করেছি। এখনো কাজ চলছে। নিখোঁজ হওয়া শিশুর সঙ্গে থাকা অন্য শিশুটির সঙ্গে আমরা কথা বলেছি। সে জানিয়েছে, বোতল খুঁজতে তারা দুজন নালায় নেমেছিল। নিখোঁজ শিশুর বাবার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, ফায়ার সার্ভিস এখানে উদ্ধার অভিযান পরিচালনা করতে আসবে বলে তার ধারণা ছিল না। এজন্য জানানো হয়নি।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর