Logo
শিরোনাম

চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশিত:বুধবার ২১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আজিজ মিসির বাদী হয়ে মামলাটি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এজাহার দেয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার এজাহারে বাদী আজিজ মিসির নিজেকে চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।

আজিজ মিসির অভিযোগ করেছেন, নুর ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলমান নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেন।

গত ১৪ এপ্রিল বিকালে ফেসবুক লাইভে এসে নূর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।

এর আগে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। গত রোববার মামলাটি করেন ইলিয়াস হোসেন নামের এক সংগীতশিল্পী।

এর আগে একই অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব ভিপি নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।


আরও খবর