
বিদেশের সব সেনা প্রত্যাহারের মধ্যে মাত্র ১০ দিনে গোটা আফগানিস্তান দখলে নিয়ে তালেবান রাজধানী কাবুলে ঢোকার পরই প্রেসিডেন্ট আশারাফ গনি সরকারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে রবিবার সন্ধ্যায় দেশত্যাগ করেছেন বলে জানিয়েছে টোলো নিউজ।
দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ দোর্দণ্ড প্রতাপে তালেবানের কাবুল দখল করার পর দুটি সূত্রের বরাতে প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগের খবর জানিয়েছে। এর আগে তালেবান প্রতিনিধিদলের প্রেসিডেন্ট গনির প্যালেসে ঢোকার খবর পাওয়া যায়।
সূত্র দুটি বলেছে, রবিবার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন। এসময় প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার কিছু ঘনিষ্ট উপদেষ্টা ও সরকারের শীর্ষস্থানীয় নেতারাও চলে গেছেন।
এর আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশের চলমান সংকট নিরসনের ক্ষমতা দেশের রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন। গনি তাজিকিস্তান গেছেন বলে জানাচ্ছে রয়টার্স।

