
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মীকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিভাগের মো. ইয়ামিন ইসলাম। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
আজ বুধবার বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির এ তথ্য নিশ্চিত করে জানান, গত সপ্তাহে গেস্টরুমে নির্যাতনের বিষয়ে আকতার হোসেন নামে এক শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ৩ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সে অনুযায়ী গাইডলাইন মেনে তাদেরকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গেস্টরুমে না আসায় আকতার হোসেন নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ ওঠে ছাত্রলীগের ৬ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রোহান, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ বিভাগের ইয়ামিন ইসলাম, সাইকোলজি বিভাগের ওমর ফারুক শুভ।
অভিযুক্তরা সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের পদ প্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। আবু ইউনুস ও রবিউল ইসলাম রানা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

