Logo
শিরোনাম

ঢাকার গণমিছিলে বড় শোডাউনের প্রস্তুতি বিএনপির

প্রকাশিত:মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারবিরোধী দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি। গত ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিলের মধ্য দিয়ে সমন্বিত আন্দোলনের প্রথম কর্মসূচি মাঠে গড়িয়েছে। তবে ঢাকায় আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচিই এখন মূল আলোচনায়। ওই দিন ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ ১০ দফা দাবিতে ঐক্যবদ্ধ অন্যান্য দল, জোট ও মঞ্চ।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর কালো দিবস হিসেবে গত কয়েক বছর ধরে পালন করে আসছে বিএনপি। এবার ওই দিন গণমিছিল থাকায়, এ দিবসটি আলাদা গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।

নানা প্রতিকূলতা, মামলা-হামলা মোকাবেলা করে সরকারবিরোধী বৃহৎ আন্দোলন গড়ে তোলার পথে হাঁটছে বিএনপি। সব দলকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলে সরকারকে চাপে রেখে প্রধানত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে চায় দলটি। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচিতে আর মাত্র দুই দিন পরই ঢাকার রাজপথে দেখা যেতে পারে সরকারবিরোধীদের। নিজ নিজ দলের ব্যানারে এক এবং অভিন্ন দাবি নিয়ে মাঠে নামবেন বিএনপির সাথে রাজনৈতিক সংলাপে ঐকমত্য প্রকাশ করা দলগুলো। মাঠে থাকার ঘোষণা দিয়েছে অধুনা বিলুপ্ত ২০ দলীয় জোটের অন্যতম বড় দল জামায়াতে ইসলামীও। সব দল মাঠে নামার প্রস্তুতি নেয়ায় ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিলকে কেন্দ্র করে বড় শোডাউনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিসহ ১০ দফা বাস্তবায়নে এ গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এ দাবিতে গত ২৪ ডিসেম্বর ঢাকা ছাড়া সারা দেশে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি পালন করে বিএনপিসহ বেশ কয়েকটি দল। কর্মসূচি পালনকালে বিভিন্ন জেলায় বাধার মুখে পড়ে দলটি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষও ঘটে। পঞ্চগড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় অর্ধশতাধিক আহত হন। এ ছাড়া বিভিন্ন জেলায় হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।


আরও খবর