
বরিশাল মেট্রোপলিটন
পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার
করার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৭ জানুয়ারি)
সকালে বিএমপি ডিবির অতিরিক্ত উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা
দুটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,
গত বুধবার রাত ৯টার পর বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলীর মান্নান খান সড়কে ইয়াবা
বিক্রির তথ্য পেয়ে ডিবির উপপরিদর্শক (এসআই) খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময়ে অভিযুক্ত এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে ৪৩টি ইয়াবা বড়িসহ আটক করে আভিযানিক
দল। পরে আটকের সংবাদ পেয়ে মাদক কারবারির সহযোগীরা গোয়েন্দা দলের ওপর হামলা চালায়। এ
সময় গোয়েন্দা কনস্টেবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হন। পরে তাদের শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এ হামলার
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে
করা দুই মামলায় নাম উল্লেখ করে ২০ জন এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।
বিএমপি ডিবির
অতিরিক্ত উপকমিশনার ফারুক হোসেন বলেন, মাদকের মামলায় ৮ ও পুলিশের ওপর হামলার মামলায়
১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

