Logo
শিরোনাম

দুই কর্মচারীকে এসিল্যান্ডের জুতাপেটার অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নামজারি আবেদনে ত্রুটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত জুতাপেটা করছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ অফিস কক্ষে এ কাণ্ড ঘটান তিনি।

ভুক্তভোগী দুই কর্মচারী হলেন সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম।

জানা যায়, দুপুর ১২টার দিকে আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে নিজ কক্ষে ডেকে নেন এসিল্যান্ড অমিত দত্ত। পরে নামজারির কাজে ত্রুটি দেখিয়ে দফায় দফায় খায়রুল ইসলামকে জুতাপেটা করেন তিনি। এরপর খায়রুল ইসলাম বের হয়ে আসলে ওই সময় সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম তার কক্ষে প্রবেশ করে। তখন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত তার দিকে জুতা ছোঁড়েন। এ ছাড়া চেয়ার থেকে উঠে গিয়ে রাগে মমিনুলকে মারপিট শুরু করেন।

এ বিষয়ে সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম বলেন, এসিল্যান্ডের অফিস কক্ষে প্রবেশ করামাত্রই আমাকে জুতা দিয়ে মারেন। পরে আমি রুম থেকে বের হয়ে আসি।

অভিযোগের বিষয় জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ইশরাত জাহান বলেন, প্রাথমিকভাবে জেনেছি ওই দুইজন স্টাফের কাজে ভুল হওয়ায় তাদের ডেকে নিয়ে বকাঝকা করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. আতাউল গনি গণমাধ্যমকে বলেন, অভিযোগকারী দুই কর্মচারী অবৈধভাবে ৪৫টি নামজারি করায় এসিল্যান্ড তাদের সর্তক করেন। কিন্তু তারা চাকরির শাস্তি থেকে বাঁচতে এসিল্যান্ডের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।

ওই দুই কর্মচারীকে জেলা প্রশাসক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩