Logo
শিরোনাম

দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নরা করবে রাষ্ট্র মেরামত, প্রশ্ন কাদেরের

প্রকাশিত:শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে এমন একটি দল কীভাবে রাষ্ট্র মেরামত করবে সে প্রশ্নও রেখেছেন তিনি।

রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন, বিএনপির এক নেতার এমন বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক নেতা বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন। এটা বিএনপি তৈরি করবে? যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত? বঙ্গবন্ধুর খুনীদের মুক্তি দিতে যারা আমাদের সংবিধান সংশোধন করেছে। পাঁচবার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা করবে রাষ্ট্র মেরামত?

তিনি আরও বলেন, যারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা দণ্ডিত হয়েছে, তারা করবে রাষ্ট্র মেরামত। মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছেন, তিনি হবেন আপনাদের নেতা? ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেল সেই অহঙ্কার। বাংলাদেশের জনগণ আপনাদের দম্ভ চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছে।

শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এত ঝুঁকিপূর্ণ জীবন ৭৫-এর পরে আর কোনো রাজনীতিকের জীবনে হয়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অপরাধ, নিজের টাকায় পদ্মা সেতু। ১০০ সেতু একদিনে উদ্বোধন। ১০০ রাস্তা একদিনে উদ্বোধন করবেন। মেট্রোরেল উদ্বোধন হবে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল হয়েছে। উন্নয়নের নেত্রী শেখ হাসিনা। এ কারণে বড় জ্বালা, বিএনপির অন্তর্জ্বালা। জ্বালায় জ্বালায় মরেরে। কেন এগুলো হলো, কেন এগুলো করলেন।

আন্দোলনের জন্য যুব মহিলা লীগকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রস্তুত হয়ে যান। আবারও সংগ্রাম, আবারও আন্দোলন মোকাবিলা হবে। নির্বাচনে আবারও মোকাবিলা হবে।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও অপু উকিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।


আরও খবর