
রাজশাহী প্রতিনিধি :
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সারা দেশের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ড দ্বিতীয় হয়েছে। প্রথম হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০ জন শিক্ষার্থী। আর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।
ফলে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড আর দ্বিতীয় হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। পাসের হারে অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী শিক্ষা বোর্ড।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৭ হজার ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রী সংখ্যা ৬৯ হাজার ৭৫৫। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রের মাধ্যমে ৮ জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

