
দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কদিন আগেই ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টাইগাররা ঘরে তুলেছে ২-১ ব্যবধানে। অবিস্মরণীয় ওই অর্জনের সুফল আইসিসি র্যাঙ্কিংয়েও পেল রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। পাকিস্তানকে টপকে লাল-সবুজ জার্সিধারীরা উঠে গেল দ্বিতীয়বারের মত ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে।
মঙ্গলবার র্যাঙ্কিংয়ের
সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে
বাংলাদেশ এক ধাপ এগিয়ে অবস্থান করছে ছয়ে। এক ধাপ নিচে নেমে যাওয়া পাকিস্তানের অবস্থান
সাত নম্বরে। আগের দিন নিজেদের মাঠে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৮ রানে হেরেছে তারা।
৩৬ ম্যাচে বাংলাদেশের
রেটিং পয়েন্ট ৯৩। ২৮ ম্যাচ খেলা পাকিস্তানের রেটিং পয়েন্টও ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে
এগিয়ে থাকায় তাদেরকে টপকে গেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।
উল্লেখ্য, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকাতে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ১৮ ম্যাচের ১২টিতে জেতায় তাদের পয়েন্ট ১২০। টাইগারদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অর্জন ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।

