Logo
শিরোনাম

এবার প্রাথমিক বিদ্যালয়েও শপথবাক্য পাঠের নির্দেশ

প্রকাশিত:শনিবার ১৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নতুন শপথবাক্য পাঠ করানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ ডিসেম্বর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠের ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এরপর ৩ জানুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথ পাঠ করার নির্দেশ দেওয়া হয়।

সে হিসেবে স্কুল-কলেজ এবং মাদ্রাসার পর সবশেষ প্রাথমিক বিদ্যালয়ে এ নির্দেশনা দেওয়া হলো।

 যে শপথবাক্য পাঠ করতে হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।

নিউজ ট্যাগ: শপথ পাঠ

আরও খবর