
দেশে এখন নিয়মিত ভিন্নধারার গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নায়ক-নায়িকাকেন্দ্রিক গল্পের বাইরে গিয়ে সিনেমা হচ্ছে। এ ধারায় আসছে নতুন সিনেমা হাওয়া। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়ার কাজ শেষ হয়েছে অনেক আগেই। এপ্রিলের প্রথম দিন প্রকাশিত হয় হাওয়ার অফিশিয়াল পোস্টার। এর পর থেকেই সিনেমাটি মুক্তি পাবে কবে তা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে অপেক্ষা-আলোচনা চলছে।
হাওয়া নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, সিনেমাটি নিয়ে আমরা এ মুহূর্তে বেশি কিছু বলতে চাচ্ছি না। হাওয়া এখনো সেন্সর বোর্ডে দেয়া হয়নি তবে আমরা শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেব। সব ঠিক থাকলে ঈদের পর মুক্তি পাচ্ছে হাওয়া। সিনেমাটির শুটিং তিন বছর আগে শেষ হলেও এ নিয়ে নীরব ছিলেন সিনেমা-সংশ্লিষ্টরা। সিনেমার প্রায় সব কলাকুশলীর দেখা মিলেছে পোস্টারে। হাওয়ায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজসহ আরো অনেকে।
এ সিনেমা মাটির গল্প নয়, বরং পানি ও সমুদ্রের গল্প দেখানো হয়েছে এতে। ২০১৯ সালের শেষের দিকে গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’।
নির্মাণ সংস্থা ফেসকার্ড প্রডাকশন ও প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে আসছে হাওয়া। মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু এবং সম্পাদনা করেছেন সজল অলক। আবহ সংগীতে রাশিদ শরীফ শোয়েব এবং গান বানিয়েছেন ইমন চৌধুরী।

