
সাগুদানা দক্ষিণ এশিয়ায় বেশ প্রচলিত খাবার। স্যুপ, ফালুদা, ফিরনি ইত্যাদিতে এর ব্যবহার অধিক। সাগুদানায় ক্যালোরি, প্রোটিন, ফ্যাট ও ফাইবার অতি সামান্য পরিমাণে, কার্বোহাইড্রেট ও জিংক রয়েছে। ওজন বাড়াতে সাহায্য করে এ খাবার। তবে যারা ডায়েট করেন তারা এড়িয়ে চলাই ভালো। সাগুদানায় পটাশিয়াম থাকায় ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এ ছাড়াও এতে প্রচুর পরিমাণে বি৬ থাকায় গর্ভস্থ বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো।
উপকরণ: দুধ- ৪ কাপ, সাগু- ১/২ কাপ, চিনি- ১/২ কাপ, এলাচি গুঁড়া- এক চিমটি, সাজানোর জন্য- কিসমিস, পেস্তা, কাজু ইত্যাদি পছন্দমতো।
প্রস্তুতপ্রণালি: সাগু ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার ৪ কাপ দুধ জ্বাল দিয়ে ঘন করে ৩ কাপ করে তাতে সাগু দিয়ে ভালো করে নাড়ুন। নইলে সাগু জমাট বেঁধে যাবে। সাগু সিদ্ধ হয়ে গেলে তাতে চিনি দিয়ে নেড়ে কিছু সময় জাল দিন। আন্দাজ মতো ঘন হয়ে গেলে এলাচি গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এবার কিসমিস, পেস্তা, কাজু ইত্যাদি দিয়ে আপনার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

