Logo
শিরোনাম

এই সপ্তাহে কমে আসতে পারে শীতের তীব্রতা

প্রকাশিত:শনিবার ০২ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | ২০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ শনিবার (২ জানুয়ারি) দেশের সাত জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। ১০ ডিগ্রির কাছাকাছি আছে আরও ৯ জেলার তাপমাত্রা। নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি অব্যাহত থাকতে পারে। গত দুই দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। তবে আগামী দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, শীতের প্রকোপ কমে আসবে। এখন কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি এই সপ্তাহে কমে আসতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদিতে ৯ দশমিক ৭, যশোর ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২, নওগাঁর বদলগাছিতে ৯ এবং কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৫ দশমিক ১, ময়মনসিংহে ১১,  চট্টগ্রামে ১৩ দশমিক ৯, সিলেটে ১৩ দশমিক ৯, রাজশাহীতে ১০ দশমিক ৫, রংপুরে ১১,  খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল  পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


আরও খবর