
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এ উপমহাদেশের ইতিহাসে শেখ হাসিনার শাসনামলে একটি স্বর্ণালী অধ্যায় রচিত হয়েছে। এমন উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিচারহীনতা থেকে বেরিয়ে আসার দৃষ্টান্ত প্রতিবেশী কোনো দেশ আজও দেখাতে পারেনি।
শনিবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশ লাইনস হল রুমে ‘মুজিব বর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’- কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মন্ত্রী এসব কথা বলেন।
পুলিশ সুপার মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম, প্রফেসর সৈয়দ আলী আজম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দিন আহমেদ ফেরদৌস, স্বরূপকাঠি পৌরভার মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হকসহ মশিউর রহমান মৃধা, মনিরুজ্জামান পল্টন, আফজাল হোসেন খান, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, আবুল কালাম আজাদ ও গোপাল বসু।

