
চলতি বছরের পুরুষদের
প্রতিযোগিতা শেষ হওয়ার পর রয়েছে মেয়েদের এশিয়া কাপের আসর। ২০২২ সালের আসরের আয়োজক হিসেবে
থাকছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা মঙ্গলবার (২৩ আগস্ট)
বিষয়টি নিশ্চিত করেন।
২০২২ সালের মেয়েদের
এশিয়া কাপ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১ থেকে ১৬ অক্টোবর
অনুষ্ঠিত হবে সাত দলের এই টুর্নামেন্ট।
উল্লেখ্য, মধ্য
এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের পর্যন্ত চলবে এবারের
পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ২০২২ সালের এশিয়ান
শ্রেষ্ঠত্বের আসর হবে কুড়ি ওভারের ফরম্যাটে। এর সঙ্গে মিল রেখেই মেয়েদের প্রতিযোগিতাও
হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
মঙ্গলবার বিসিবির
প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ক্রিকবাজকে বলেন, ‘আমরা সিলেটে এশিয়া কাপের আয়োজন করব এবং
যেহেতু আমরা সফলভাবে আইসিসি ইভেন্টগুলি আয়োজন করেছি, আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা
সেখানে টুর্নামেন্টটি আয়োজন করতে পারব।’
২০১৪ টি-টোয়েন্টি
বিশ্বকাপের পর প্রথমবারের মতো সিলেটে মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটির
মধ্য দিয়ে লাল-সবুজের দেশে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটও অনেকদিন পরে ফিরবে। কারণ ২০১৮
সালের অক্টোবরে পাকিস্তানের সফরের পর থেকে বাংলাদেশে আর কোনো নারী ক্রিকেট দল খেলতে
আসেনি।
এবারের নারীদের
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলো হলো: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া,
সংযুক্ত আরব আমিরাত এবং স্বাগতিক বাংলাদেশ।
এশিয়া কাপের বর্তমান
চ্যাম্পিয়ন বাংলাদশে নারী ক্রিকেট দল। ২০১৮ সালে শেষবার আয়োজিত এশিয়া কাপে ভারতকে
হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

