
এশিয়া কাপের জন্য অবশেষে চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে নতুন মুখ তানজিদ হাসান তামিম।
এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন আজ (শনিবার)। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকালে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আসরের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে নির্বাচক প্যানেল।
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে তরুণ ওপেনার তানজিদ তামিম সুযোগ পেয়েছেন। দলে রয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা শামীম হোসেন।
তানজিদ তামিম ও শামীম দুজনই ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য। শামীম এরই মধ্যে দেশের হয়ে ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। আগেও ওয়ানডে স্কোয়াডে ছিলেন, কিন্তু খেলার সুযোগ হয়নি তার।
এছাড়া গত ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম করে এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদি। সবশেষ ২০২২ সালে ওয়ানডে খেলেছিলেন এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহকে নিয়ে অনেক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি তার। অবশ্য গতকালই তার না থাকার বিষয়ে জানিয়ে দিয়েছিলেন বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে স্কোয়াডে আছেন আফিফ হোসেন ধ্রুব।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও শেখ মেহেদি।

