Logo
শিরোনাম

ফিরছেন জনি ডেপ?

প্রকাশিত:রবিবার ০৫ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানহানির মামলায় অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে জিতেছেন জনি ডেপ। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা মামলাটির নিষ্পত্তি হয়েছে সম্প্রতি। এর আগে অ্যাম্বারের করা অভিযোগের কারণে ভুগতে হয়েছে জনি ডেপকে। একাধিক সিনেমা ও ফ্য্যাঞ্চাইজি থেকে বাদ পড়েছেন তিনি। রায়ের পর জনি নিজেও ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, অ্যাম্বারের অভিযোগ তার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু অনেকেই মনে করছেন রায় আসার পর ডেপের ক্যারিয়ার আবার নতুন করে শুরু হবে। কিন্তু আসলেই কি তা সম্ভব?

যুক্তরাজ্যের ট্যাবলয়েড দ্য সানের বিরুদ্ধে মানহানির মামলায় হেরেছিলেন জনি। ফলে হারিয়েছেন একাধিক চরিত্র। এর মধ্যে ফ্যান্টাস্টিক বিস্ট ফ্র্যাঞ্চাইজ অন্যতম। এখানে তিনি প্রধান খল চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তারও আগে তিনি আরেকটি চরিত্রে অভিনয়ের সুযোগ হারান। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটি জনি ডেপের সঙ্গে এতটা জড়িত যে জ্যাক স্প্যারো ও জনি ডেপ সমার্থক হয়ে উঠেছেন। পাশাপাশি চরিত্রটি জনি ও সিনেমার প্রযোজকদের এনে দিয়েছে প্রচুর মুনাফা। কিন্তু অ্যাম্বারের অভিযোগের পর পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকেও বাদ পড়েন জনি।

রায় যখন জনির পক্ষে এসেছে, এখন তাকে ফিরিয়ে আনা যেতে পারে। পিপল ম্যাগাজিনকে ডিজনির সাবেক এক এক্সিকিউটিভ বলেন, আমি মনে করি, রায় আসার পর পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান নিয়ে নতুন করে ভাবা হবে। জনি ডেপকে জ্যাক স্প্যারো হিসেবে কাস্ট করার সম্ভাবনা বেশি। বক্স অফিসে সিনেমাটির প্রচুর আয় করার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি প্রযোজক জেরি ব্রুকহেইমার তার ১৯৮৬ সালের টপ গান সিনেমার সিকুয়েল টপ গান: ম্যাভেরিক দিয়ে প্রচুর লাভের মুখ দেখেছেন। সিকুয়েলেও টম ক্রুজকেই মুখ্য চরিত্রে রাখা হয়েছে। ব্রুকহেইমার নিজে সানডে টাইমকে বলেছিলেন, আমরাপাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের জন্য দুটি চিত্রনাট্য তৈরি করছি। জনি ডেপের কথা তিনি উল্লেখ করেননি। তবে বিচার চলাকালীন জনি ডেপ বলেছিলেন যে তিনি আর ডিজনির সঙ্গে কাজ করবেন না। এমনকি ৩০০ মিলিয়ন ডলারের চেক দিলেও না। তবু নিজের প্রিয় চরিত্রে ফিরবেন কিনা তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

নিউজ ট্যাগ: জনি ডেপ

আরও খবর