
হিজাব না পরা নারীদের কাটা তরমুজের সঙ্গে
তুলনা করলেন এক তালিবান কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের
প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি পুরো তরমুজ কেনেন? অবশ্যই পুরোটা কেনেন। হিজাব না পরা মেয়েরা হল কাটা তরমুজ। ব্রিটিশ বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। তবে ইন্ডিপেনডেন্ট এই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। পাশাপাশি ওই তালিবান কর্মকর্তা পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক
শুরু হয়েছে। এমনিতেই তালিবান ক্ষমতায় আসার পর ফতোয়া জারি হয়েছে, বাড়ির বাইরে বের হতে
হলে হিজাব পরতেই হবে নারীদের। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্ষেত্রে নিকাব পরাও
বাধ্যতামূলক করা হয়েছে।
ওই ভিডিওটি দেখার পর ক্ষোভ প্রকাশ করছেন
নেটিজেনরা। একজন লিখেছেন, ‘কেন তালিবানরা নারীদের কেনার কথা ভাবে?’ অন্য একজন বলেছেন,
‘আমি বিশ্বাসই
করতে পারছি না, এ ধরনের মন্তব্যকে কেন্দ্র করে কেন বিপুল জনবিক্ষোভের সৃষ্টি হচ্ছে
না।’
প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সালে আফগানিস্তানে তালিবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুন্ন হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালিবানের নতুন সরকারে উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের। যদিও তালিবান নারী ও শিশুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও আন্দোলন করছেন আফগান নারীরা। এর মাঝেই তালিবানের কর্মকর্তার এমন মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

