Logo
শিরোনাম

ইংল্যান্ডকে হারিয়ে উইন্ডিজের ইতিহাস

প্রকাশিত:বুধবার ০৯ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৮ অক্টোবর ২০২৩ | ২৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারী ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ মানেই রোমাঞ্চের ছড়াছড়ি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে জয় তুলে নিয়েছিল স্টেফানি টেলরের দল। আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার হারানোর স্বাদ পেল তারা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানের জয় পায় উইন্ডিজ নারী দল।

ডানেডিনে টস জিতে শুরুতে ব্যাট করে শেমাইন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ক্যারিবিয়রা। জবাবে ইনিংসের ১৪ বল বাকি থাকতে ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

শুরুটা ভালো ছিল ওয়েস্ট ইন্ডিজের। ডটিন (৩১) ও ম্যাথিউজ (৪৫) প্রথম ২০ ওভারে ৮১ রান তুলে দেন দলকে। সেখান থেকে ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবিয়রা। দলীয় একশো পূর্ণ হতেই উইন্ডিজরা হারায় ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে ১২৩ রানের বড় জুটিতে দলকে লড়াকু পুঁজি এনে দেন শেমাইন ক্যাম্পবেল আর চেদিন নেশান। ক্যাম্পবেল ৬৬ রানে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নেশান (৪৯)। ইংল্যান্ডের সোফি একলেস্টন ২০ রানে নেন ৩টি উইকেট।

রান তাড়া করতে নেমে শুরুতে সাবলীল ছিলেন ইংলিশ দুই ওপেনার। দলীয় ৩১ রানে উইনফিল্ড হিলকে (১২) অবিশ্বাস্য এক ক্যাচে বিদায় করে ডটিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৯৪ রানে ৫ উইকেট হারায় গত আসরের চ্যাম্পিয়নরা।

এরপর ড্যানি ওয়াট ও সোফিয়া ডাঙ্কলি হাল ধরেন। এই জুটি ভাঙে ৬০ রানে। ৬ বলের মধ্যে ২ রানের ব্যবধানে ডাঙ্কলি (৩৮), ওয়াট (৩৩) ও ক্যাথেরিন ব্রান্ট (১) ফিরে গেলে আবারো ইংল্যান্ডের ওপর চাপ বাড়ে। ১৫৬ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। সেখান থেকে নয় নম্বর ব্যাটার একলেস্টন আর দশ নম্বরের কেট ক্রসের দারুণ লড়াইয়ে ফের জয়ের স্বপ্ন দেখতে থাকে ইংলিশরা। সেখান থেকে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ। এক ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রানে হেরে গেলো ইংল্যান্ড। নারী বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার ইংলিশদের হারাতে পারলো ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শামিলি কোনেল। ৩৮ রানে ৩টি উইকেট শিকার করেছেন তিনি। ২টি করে উইকেট আনিসা আর ম্যাথিউসের।

 


আরও খবর