Logo
শিরোনাম

ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪৩ অভিবাসীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৪ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউরোপে পাড়ি জমাতে গিয়ে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তিউনিসিয়া রেড ক্রিসেন্টের প্রধান মঙ্গি স্লিম বিবিসিকে জানান, অভিবাসীরা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে রওয়ানা হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছাতে চেয়েছিলেন। পথে নিখোঁজ হয়েছেন তারা। এ ঘটনায় ৮৪ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।

রেড ক্রিসেন্ট জানায়, সোমবার রাতে যাত্রা করার পর সাগরমাঝে ইঞ্জিন বিকল হয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিকেরা ছিলেন।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির জারজিস মৎস্যবন্দরের কাছাকাছি থেকে প্রাণে বেঁচে যাওয়া অভিবাসীদের উদ্ধার করা হয়। এদের বয়স তিন থেকে ৪০ বছরের মধ্যে।

উদ্ধার হওয়া লোকজনকে তৎক্ষণাৎ খাবার ও পানীয় সরবরাহ করে রেড ক্রিসেন্ট তিউনিসিয়া। তাদের কোভিড কোয়ারেন্টিন পালনের জন্য জায়গা খোঁজা হচ্ছে।

গ্রীষ্মকালে উত্তর আফ্রিকা উপকূল থেকে সাগরপথে ইউরোপ যাত্রার প্রচেষ্টার ঘটনা বেড়ে যায়। এদের বেশিরভাগই লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরের পথ বেছে নেন।


আরও খবর