Logo
শিরোনাম

জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাত, দুই জনের প্রাণহানি

প্রকাশিত:শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাপানের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুনের আঘাতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় দেশটির কয়েকটি এলাকায় তাণ্ডব চালায়। এর জেরে দেড় লাখের মতো পরিবার বিদ্যুৎহীন অবস্থায় আছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর শিজুওকা। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ৪১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে। টাইফুনের কারণে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত ছিল।

প্রবল বৃষ্টির ফলে ভূমিধসে ৪০ বছর বয়সী একজনের প্রাণহানি হয়েছে। পানিতে ডুবে থাকা অবস্থায় একটি গাড়ির ভেতর থেকে ২৯ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রায় দেড় লাখের মতো পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাইন মেরামত করার কথাও জানিয়েছেন তারা। সেন্ট্রাল রেল সার্ভিস বিভাগ কিছু বুলেট ট্রেন পুনরায় চালু করেছে। গত শুক্রবার থেকে ভারি বৃষ্টির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।

জেএমএ শনিবার সকালে শিজুওকায় আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং ভূমিধস ও বন্যার জন্য সতর্কতা জারির আহ্বান জানিয়েছে। টোকিও থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইয়োকোহামা শহর থেকে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


আরও খবর