
জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমানের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা এবং তার সহকর্মীরা অংশ নেন। এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হয়। জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের সাংবাদিকরা।
জানাজার আগে প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের অতি আপনজন ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য পীর হাবিবুর রহমানকে চির বিদায় জানাচ্ছি। এই বিদায় হয়তো আনুষ্ঠানিকতার। কিন্তু আমাদের মনে থাকবেন তিনি। তিনি যেটা বিশ্বাস করতেন, তার নীতি-আদর্শেঅটল ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, আমাদের এই সময়ে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহসিকতা তিনি দেখিয়েছেন।
এর আগে শনিবার বাদ এশা রাজধানীর উত্তরা ৪নং সেক্টর পার্ক জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

