Logo
শিরোনাম

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা ষড়যন্ত্র, গ্রেপ্তার ২

প্রকাশিত:শনিবার ০৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কাইওয়া মোয়ে তুনকে হত্যা বা আহত করার পরিকল্পনা সাজানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে এ ষড়যন্ত্রে জড়িত থাকায় মিয়ানমারের দু নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে- নিউ ইয়র্কে এটর্নি অফিস থেকে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির নাম ফাইও হেইন হতুত এবং ইয়ে হেইন জাওয়া। তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করে রাষ্ট্রদূত কাইওয়া মোয়ে তুনের ওপর হামলা করতে সন্ত্রাসীদের ভাড়া করার পরিকল্পনা করেছিল।

উল্লেখ্য, মিয়ানমারে ক্ষমতাচ্যুত অং সান সুচি সরকারের সময়ে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল কাইওয়া মোয়ে তুনকে। গত ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সুচিকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার দেখানোর পর মিয়ানমারজুড়ে ক্ষোভের আগুন দেখা দেয়। বিক্ষোভে ফেটে পড়েন তার ভক্ত ও সাধারণ মানুষ। তাদের প্রতি সমর্থন দিয়ে সামরিক জান্তার প্রতি আনুগত্য স্বীকারে অস্বীকৃতি জানান রাষ্ট্রদূত কাইওয়া মোয়ে তুন।

তিনি অব্যাহতভাবে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে যেতে থাকেন। রাষ্ট্রদূত পদ ত্যাগ করতে অস্বীকৃতি জানান। সামরিক জান্তার কড়া সমালোচনা করেন জাতিসংঘেই। পক্ষান্তরে সামরিক জান্তা তাকে বরখাস্ত করে। কিন্তু তিনি পদ থেকে সরতে অস্বীকৃতি জানিয়ে নিজ দেশের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব করে যেতে থাকেন।

তাই তাকে পদত্যাগ করাতে অথবা তাকে হত্যা অথবা আহত করার মিশন শুরু হয়। এ জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন মিয়ানমারের ওই দুই নাগরিক। তবে এ বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তা কোনো মন্তব্য করেনি।

শিশু, নারীসহ প্রায় এক হাজার মাুনুষকে সামরিক অভ্যুত্থানের পর হত্যা করেছে সামরিক জান্তা। সুচি, তার প্রেসিডেন্ট থেইন সেইনসহ অসংখ্যা নেতাকর্মীকে আটক করার পর থেকেই দেশটিতে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ জোরালো হয়েছে। প্রতিদিনই সেখানে জান্তা বিরোধী বিক্ষোভ হচ্ছে। এর বিরুদ্ধে জবাব দিতে সেনাবাহিনী বা পুলিশ বন্দুকের গুলি ছুড়ছে। এতে অকাতরে মারা যাচ্ছেন মানুষ।

শুক্রবার মিয়ানমারের ওই দুই নাগরিককে গ্রেপ্তার সম্পর্কে যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল অড্রে স্ট্রাউস বলেছেন, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূততে মারাত্মক আহত বা হত্যা করার গুরুত্বর এক ষড়যন্ত্র করেছিল ফাইও হেইন হতুত এবং ইয়ে হেইন জাওয়া। যুক্তরাষ্ট্রের মাটিতে তারা বিদেশি একজন কর্মকর্তার ওপর এমন হামলার পরিকল্পনা করেছিল। বিদেশি কূটনীতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সরকারের আইন প্রয়োগকারী সব সংস্থা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

এ বছরের শুরুর দিকে ইয়ে হেইন জাওয়া (২৮) চার হাজার ডলার হন্তান্তর করেছিলেন ফাইও হেইন হতুতের কাছে। এ জন্য তারা ব্যবহার করেছিলেন একটি অ্যাপ। ওই হামলা পরিচালনার জন্য এই অর্থ দেয়া হয়েছিল অগ্রিম হিসেবে।



আরও খবর