
সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, যতোটুকু জানি, জামালপুর জেলা আওয়ামী লীগ আজ সভা ডেকেছে। এই সভা ডা. মুরাদকে নিয়েই। তার বিষয়টিই সেখানে প্রধান আলোচ্যসূচি। সেখানে তারা সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দেবে। এ রকম সিদ্ধান্ত নেবে বলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে।
মুরাদ হাসানের দলের প্রাথমিক সদস্যপদও বাতিল হবে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে আমরা সেন্ট্রালি (কেন্দ্রীয় কমিটি) সিদ্ধান্ত নেবো। পরবর্তী ওয়ার্কিং কমিটিতে আমরা সিদ্ধান্ত নেবো। যেভাবে আমরা গাজীপুরের মেয়র এবং ওই মহানগরের সাধারণ সম্পাদকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির মিটিং ছাড়া করার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠকে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
কাদের বলেন, ‘মন্ত্রিসভা থেকে এখন পদত্যাগ করছে। দলীয় পদ আছে তার, ঢাকায় কোনো পদ নেই। তিনি জামালাপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। সেই পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’
সংসদীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি পরের ব্যাপার। এ বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নেবেন। এখন আপাতত যেটা হয়েছে, একজন প্রতিমন্ত্রী তাকে সে পদ থেকে সরে যেতে হলো। দল থেকেও একটা পদে ছিল, অব্যাহতি পাচ্ছে। এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে, সেটা স্পিকার সিদ্ধান্ত নিতে পারেন।’

