
কাবুল বিমানবন্দরের
করুণ ছবি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিমানবন্দরের চারদিকে কেবলই আশাহীন
মানুষের ছোটাছুটি। রোদ-গরমে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ রয়েছেন বিরামহীন
অপেক্ষায়। মানুষের আস্থা-ভরসাও ভেঙে পড়তে শুরু করেছে। শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন
অনেকেই।
পরিস্থিতি এতোটাই
খারাপ হয়েছে যে, কাবুল বিমানবন্দরের আশপাশে এক বোতল পানি বিক্রি হচ্ছে ৪০ মার্কিন ডলারে।
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া এক প্লেট ভাতের মূল্যও চাওয়া হচ্ছে
১০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৫০০ টাকারও বেশি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে
এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
খাবার ও পানির
উচ্চ মূল্যে কার্যত দিশেহারা বিমানবন্দরে অপেক্ষারত মানুষেরা। এক আফগান নাগরিক দ্য
ইন্ডিপেন্ডেন্ট’কে জানিয়েছেন, তিনি এক বোতল পানি
কিনেছেন যার দাম পড়েছে ৪০ মার্কিন ডলারের মতো।
ফজল-উর-রেহমান
নামে এক ব্যক্তি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘কাবুল বিমানবন্দরে
এখন এক বোতল পানি ৪০ মার্কিন ডলারে এবং এক প্লেট ভাত ১০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
সেখানে আফগানি মুদ্রার বদলে কেবল মার্কিন ডলারে বেচাকেনা চলছে। এই উচ্চ মূল্যের কারণে
সেখানে খাবার ও পানীয় এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

