Logo
শিরোনাম

কানাডায় টিকাবিরোধী বিক্ষোভ, আটক ১০০

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশজুড়ে জরুরি অবস্থার মধ্যেও টিকাবিরোধীদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন কানাডার ট্রাকচালকরা। প্রায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভকারীরা দখল করে রাখে দেশটির রাজধানী অটোয়াকে।

এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজধানী অটোয়াতে পুলিশও কঠোর অবস্থান নিয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী অটোয়ায় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০০ জনকে গ্রেফতার করেছে কানাডার পুলিশ।

জানা গেছে, টিকাবিরোধী আন্দোলনকারীদের দমনে আরও কঠোর হওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। জরুরি অবস্থা জারির পর শুক্রবার কিছু পুলিশ কর্মকর্তা অভিযান শুরু করেন। তীব্র শীত উপেক্ষা করে অন্যান্য দিনের মতো এদিনও রাজধানী অটোয়ায় জড়ো হন কয়েকশ ট্রাকচালক। আন্দোলনকারীদের দমাতে হাজির হন পুলিশ সদস্যরাও। শুরু হয় সংঘর্ষ।

বিক্ষোভকারীদের পিটিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। অনেকের হাত পিছমোড়া করে বেঁধে ফেলা হয়। এদিন ১০০ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের আক্রমণমূলক আচরণ ছিল।

গত তিন সপ্তাহ ধরে দেশটিতে চলছে ‌ফ্রিডম কনভয় নামের এ বিক্ষোভ। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিন সপ্তাহ ধরে চলা ট্রাকচালকদের টিকাবিরোধী বিক্ষোভ যখন শেষ হতে যাচ্ছিল, ঠিক তখনই এ ঘটনা ঘটল। সেই সঙ্গে বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-বিরোধী বিক্ষোভে পরিণত হয়।

বিক্ষোভকারীরা কানাডার নাগরিকদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে ও জননিরাপত্তার স্বার্থে তাদের দ্রুত হটানো উচিত বলে জানান তিনি।


আরও খবর